“আমাকে শিখিয়ে দিবি?”
তুই খুব পারিস অতীত ভুলে যেতে।
আমাকে শিখিয়ে দিবি?
কি করে এক ঢোকে হজম করে ফেলিস
স্মৃতির হাড়,মাংস,চর্বি?
তুই খুব পারিস চেটেপুটে খেয়ে পরিষ্কার করে নিতে
এক্কেবারে নতুন ঝকঝকে থালা।
স্মৃতির একটি কণাও ভুল করে পরে থাকে না;
কস্মিনকালেও যেন পরেনি কারো স্পর্শের ধুলা।
তুই অভিজ্ঞ গুপ্তচরের মত সামনে এগিয়ে যাস
মুছে দিস পিছনের স্মৃতির আলামত।
দু’জন পাশাপাশি অনেক দূর হেঁটে গেলেও
হঠাৎ তোর সাথে সাথে মিলিয়ে যায় তোর ছায়াপদ।
আমাকে শিখিয়ে দিবি?
কোন্ ডাস্টারে মুছে দিস ব্ল্যাকবোর্ডে লিখা অতীত?
কেমন করে অনুতাপের অনল শীতল করে
প্রফুল্লতা ধরে রেখে হৃদয় রাখিস চির হরিৎ?
পুরনো স্মৃতির বিবর্তন ঘটিয়ে
তুই করিস নয়া স্মৃতি সৃজন।
তোর ইচ্ছের ল্যাবরেটরিতে কাটাছেঁড়া করে
করিস নতুন ব্যাখ্যার উন্মোচন।
আমাকে শিখিয়ে দিবি?
কোন্ বিক্রিয়াতে করিস অতীত মৌলের বিকৃতি?
আমাকে শিখিয়ে দিস তুই
তবে কেড়ে নিবো না তোর প্যাটেন্ট স্বীকৃতি।
বলতো আমায়-কেমন করে খুঁজে নিলি একমুখী সোজা পথে
নতুন এক চৌরাস্তা?
চলতে চলতে হঠাৎ চলে গেলি অন্য পথে
মুছে দিলি অতীতের জের-জবর-নোকতা।
তুই আমাকে শিখিয়ে দিবি?
কেমন করে ভুলে গেলি অতীত?
অথবা তোর ইরেজার আমার কাছে বেচে দে
ন্যায্য দামে করিব খরিদ।