ক্যান্সার কোষ বিধ্বংসী হলুদ
খাবার হলুদের পুষ্টিগুণ কমবেশি সবারই জানা। কিন্তু আমাদের অজানা ছিল হলুদের কারকিউমিন নামের একটি রাসায়নিক উপাদান পাওয়া যায়, যেটা অন্ত্রের ক্যান্সার কোষ বিধ্বংসী ক্ষমতা আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ছাড়া, স্ট্রোক এবং স্মৃতিভ্রংশতার চিকিৎসায়ও সুফল দেয় এ উপাদানটি। হলুদের এই উপাদান অর্থাৎ কারকিউমিনের ক্যান্সার বিধ্বংসী ক্ষমতা নিয়ে পরীক্ষা শুরু করেছে ব্রিটেনের লেইসেস্টারের দু’টি হাসপাতাল। কেমোথেরাপির সাতদিন আগে অন্ত্র-ক্যান্সারে আক্রান্ত রোগীদের কারকিউমিনের বড়ি খাওয়ানো হবে। এ বড়ি কোনো কাজ করছে কিনা তারপর তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ৪০ রোগীর ওপর এ চিকিৎসা চালানো হবে। অন্ত্র-ক্যান্সার দেহে ছড়িয়ে পড়তে শুরু করলে সাধারণভাবে তিনটি ওষুধের মিশ্রণ দিয়ে কেমোথেরাপি দেওয়া হয়। কিন্তু ক্যান্সারে আক্রান্ত অর্ধেক সংখ্যক রোগীর ক্ষেত্রে এ চিকিৎসা কোনো কাজ করে না। লেইসেস্টারের দু’টি হাসপাতালে চালানো এ পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর উইলিয়াম স্টুয়ার্ড। তিনি বলেছেন, প্রাণী দেহে কারকিউমিনের বড়ি অথবা কেমোথেরাপি যে কোনো একটি ব্যবহারের পরিবর্তে দু’টি একযোগে ব্যবহার নিয়ে যে পরীক্ষা চালানো হয়েছে তাতে ‘একশ গুণ’ বেশি ভালো ফল পাওয়া গেছে।