Today 08 Sep 2026
Top today
Welcome to cholontika

মানুষের মুল্য

: | : ০৭/০৭/২০১৩

নাম রাখার আগেই ছেলেটি মারা গেল,
তারপর কেটে গেছে অনেক বছর।
পরিবারের কারোই এখন আর মনে নেই
একদিন ছেলেটি এসেছিল পৃথিবীতে জায়গা করে নিতে,
এসেছিল টিকে থাকতে দিনের পর দিন এক নিস্তব্ধ রাতে।
তার কোন নাম রাখা হয়নি তাই তার নামও বেঁচে নেই;
তার কবরের চিহ্নও মুছে গেছে দিনে দিনে অভিমানে।
কি নাম রাখা হতে পারতো তার জন্যে,
আর বড় হয়েই বা কি হত সে?
না কেউ জানেনা
এসব প্রশ্নের উত্তর।
এমন কি তার মা
যে কিশোরী থেকে এখন ষাটোর্ধ বৃদ্ধ
তিনিও জানেন না তার সন্তানের খবর।
যত মানুষ তার জন্মের খবর পেয়েছিল
তার চেয়ে বেশি মানুষ তার মৃত্যুর খবর পেয়েছে।
তারপর ধীরে ধীরে ভুলে গেছে সবাই তারে, মনে রাখেনি
পৃথিবীও, মনে রাখে নি মাটি  আকাশ, বাতাস  কেউই।
এর কারণ কি কাউকে কেউ মনে রাখে না?
ধীরে ধীরে অতীত স্মৃতিও হারিয়ে যায়?
কিন্তু অনেকেই তো টিকে থাকে!
কিন্তু তা তার কর্মের কারণে,
এ কথা সবাই জোড় দিয়ে বলবে।
কিন্তু তাহলে মানুষের মুল্য কোথায়?
আমি জানি না এ প্রশ্নের  উত্তর।
কিন্তু এ জানি বৃদ্ধ মা আজও তার
শিশু সন্তানের জন্যে কাঁদে। যে গাছের
নিচে শিশুর কবর সেখানে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন তিনি।
আমি জানি যখন তার মৃত্যুর সম্য় আসবে তার অন্য সব সন্তানেরা
তার মুখের দিকে তাকিয়ে থাকবে কিন্তু তার চোখ খুঁজবে অন্য কাউকে।
মৃত্যুর আগ মুহুর্তে তার মুখের মলিন ভাবটি কেটে যাবে যা ছিল এতগুলি বছর।
বলবে আমি পেয়েছি, আমি পেয়েছি; কিশোরীর প্রথম আবেগ প্রথম সন্তানের হাসি দেখার তৃষা
হয়তো কাটবে।কিন্তু আমি জানিনা কত রাত তিনি তার সন্তানকে স্বপ্ন দেখার জন্য কাতর ছিলেন।
০৬.০৭.১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top