ডাক দিয়ে যাই
এবার তোর জীবন বাঁচা হৃদয় বেচা
গণতন্ত্র,
এবার পথে রক্ত চোখে মলিন মুখে
হৃদযন্ত্র।
এবার পথে কালনাগিনী বিষের রানী
তুলছে ফণা,
মায়ের বুকে বিষ কামড়ে রক্ত নীড়ে
জীবন বোনা।
এবার তোর জীবন বাঁচা হৃদয় বেচা
গণতন্ত্র,
এবার শিখে নে আবার শাপ তাড়ানোর
তন্ত্রমন্ত্র।
মায় তাকিয়ে রক্ত চোখে রক্ত মুখে
আয় তুফান,
লক্ষীছারার পথের দাবী কেবা নিবি
বিষের বাণ।
আজ দুয়ারে কাল হায়েনা কেউ শুনে না
মায় যে কাঁদে,
আজ দুয়ারে কাল হায়েনা কেউ বুঝেনা
মৃত্যু ফাঁদে।
আজ মা কাঁদে মায়ের ছেলে আগুন জ্বালে
মায়ের বুকে,
রক্তচোষা বাদুর আসে ক্রুর হেসে
তাদের ডাকে।
রাজার ছেলে হয়েছে রাজা ঘন্টা বাজা
আয় শকুন,
আজ দুয়ারে কাল হায়েনা কেউ দেখেনা
আয় মরণ।
আয় মরণ ডাকছে মায় অগ্নি গাঁয়
অন্ধকারে,
শিশির ভেজা ঘাসের বুকে রক্ত এঁকে
দিস যে ভোরে।
আয় আজিকে আয় তুফান ডায়নোসরে
ডাকছে তোরে,
বুকের মাঝে কালনাগিনী বিষের রানী
রাখবে তোরে।
আদিম সুখে যাচ্ছে যুগে খোদার ভাগে
বলির ডালা।
ইচ্ছাতন্ত্রই আদিম সুখে, মলিন মুখে
মায়ের মালা।
ধনের লোভে সবাই রাজা নামাজ কাজা
হয়না ভুলে,
শুধু রাতে ডুবলে চাঁদ রক্ত অবাধ
বইছে চলে।
আজিকে তাই জাগরে তোরা সেই সে যারা
মাতৃ রাগের,
জাগরে তোরা আগুন জ্বালা গাঁথরে মালা
অগ্নি ফুলের।
গাঁথরে মালা অগ্নি বনের তীক্ষ্ণ তেজের
ফাগুন ফুলে,
আয় আগুন আয় ফাগুন রুদ্র মন
আগুন জ্বেলে।
১১.১১.১৩, ঢাকা।